বিজ্ঞান লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রায় এক বছর হতে চললেও এখনো হত্যাকারীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আর এফবিআইয়ে কাছ থেকে ঘটনাস্থলের আলামতের ফরেনসিক রিপোর্ট এখনো হাতে না পাওয়ায় ওই হত্যার তদন্ত চলছে ধীর গতিতে। তবে শিগগিরি এ রিপোর্ট হাতে আসবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, এফবিআই ১১টি আলামতের ফরেনসিক টেষ্ট সম্পন্ন করেছে। শিগগিরি এর রিপোর্ট হাতে আসবে।
অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত বেশ কয়েকজনের বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ—তাদের গ্রেপ্তারে চেষ্ট চলছে এ কথা উল্লেখ করে মো. মনিরুল ইসলাম দাবি করেন, এ হত্যাকাণ্ডের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম জড়িত।
তবে অনেক মামলার তদন্ত স্বল্প সময়ে শেষ হলেও কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলেও জানান পুলিশের এ মুখপাত্র।
এদিকে, ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর, এ পর্যন্ত আটক ৮ জনের ডিএনএ প্রোফাইলের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। অভিজিৎকে হত্যার সময় ঘটনাস্থলে থাকা দুই জনসহ ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৭ জনকে খুঁজছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে টিএসসি চত্বরের কাছেই দুর্বৃত্তরা কুপিয়ে খুন করে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে। এ সময় হামলায় আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও।
এরপর ওই হত্যাকাণ্ড তদন্তে সাহায্য করতে ৫ মার্চ ঢাকা আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআইয়) একটি প্রতিনিধিদল। এ সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এফবিআইকে, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ১১টি আলামত ফরেনসিক পরীক্ষার জন্য দেয়া হয়।