পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্তু গৌরীয় মঠের পুরোহিত যগেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যার ঘটনায় জাড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো- খলিলুর রহমান (৫৫), বাবুল হোসেন (২৮) ও জাহাঙ্গীর হোসেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মেদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৩ জনকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারা হত্যাকারী এবং কী কারণে এমন হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় দেবীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। নিহত পুরোহিত যগেশ্বর রায়ের বড় ভাই রবীন্দ্রনাথ একটি হত্যা মামলা করেছেন। অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর মামলাটি করেছে পুলিশ বলেও জানান তিনি।
এদিকে সোমবার সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ উপজেলা সদরে এ ঘটনার প্রতিবাদে সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন সন্তগৌড়ীয় মঠের সন্ন্যাসীরা।
গতকাল (রোববার) সকাল ৭টায় মঠসংলগ্ন বাড়িতে পূজার প্রস্তুতি নিচ্ছিলেন পুরোহিত যগেশ্বর রায়। এছাড়া মঠে পূজারি গোপাল চন্দ্র এবং সেবায়েত নির্মল চন্দ্র পূজার আয়োজন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে যগেশ্বর রায়কে।
গোপাল চন্দ্র রায় ও নির্মল চন্দ্র সরে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা। তিদের ছোড়া গুলিতে আহত হন গোপাল চন্দ্র। হাতবোমা বিস্ফোরণে আহত হন নির্মল চন্দ্র।
এদিকে, এ হত্যাকাণ্ডের দায়িত্ব জঙ্গি সংগঠন আইএস স্বীকার করেছে বলে জানায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। রোববার রাতে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির ওয়েবসাইটে দায় স্বীকারের এই বার্তা দেয়া হয়।