পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তু গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর হত্যার মুলহোতাসহ ৩ জনকে বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির এ তথ্য জানান।
ডিআইজি বলেন, গ্রেপ্তারকৃত তিন আসামির দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার কালীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে যজ্ঞেশ্বর রায় হত্যার মূলহোতাসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামের একটি বাড়ি থেকে প্রথমে এক জেএমবি সদস্যকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, তিনটি ককটেল, কয়েকটি পিস্তলের গুলি ও চাপাতি উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো ২ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।
ডিআইজি জানান, যজ্ঞেশ্বর রায়কে হত্যায় বৃহস্পতিবার গ্রেপ্তার তিন জেএমবিসহ ৫ জন অংশ নেয়। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
গত রোববার সকালে দেবীগঞ্জের সোনাপোতা গ্রামে সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা এবং দুইজনকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন রাতেই হত্যা ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই জেএমবি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।