কুমিল্লায় ‘পারিবারিক কলহের জের ধরে দুই সহদোরকে হত্যার ঘটনায় মামলা হয়েছে সৎ ভাইয়ের বিরুদ্ধে।
কুমিল্লা সদর দক্ষিণ থানায় ওসি মো. আইয়ুব জানান শনিবার রাতে শিশুদের মা রেখা আক্তার এ মামলা দায়ের করেন।
রেখা আক্তারের মামলায় তার সৎ ছেলে মেহেদী আল ছোটনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ঢুলিপাড়ার একটি বাড়ি থেকে জয় (৭) ও মনি (৫) নামের ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তারা স্থানীয় মুদি দোকানি আবুল কালামের দ্বিতীয় পক্ষের সন্তা—দুজনেই শহরের হাউজিং এস্টেট এলাকার হলিচাইল্ড স্কুলে পড়তো।
পুলিশ সূত্রে জানা গেছে, কালামের প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ছেলে ছোটন শ্বাসরোধ করে তার দুই সৎ ভাইকে হত্যা করেছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এমবিএর ছাত্র ছোটন ঢাকায় হোস্টেলে থেকে লেখাপড়া করেন। সম্প্রতি তিনি বাড়ি এলেও ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে দাফনের জন্য। সদর থানায় করা এ মামলার আসামিকে ধরতে অভিযান চলছে।