যশোরের ঝিকরগাছায় শিশু মিরাজ হত্যা মামলার ৫ জনের মৃত্যুদণ্ড এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ২০ নভেম্বর আসামিরা তাকে অপহরণ করে এবং দুদিন পর তার বাবার কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে মুক্তিপণের অংক ৩ লাখে নামিয়ে আনা হয় এবং সে অনুযায়ী মিজানুর রহমান কিছু টাকাও দেন।
এরপর অপহরণকারীরা বাকি টাকার জন্য চাপ দিতে থাকে এবং ২৩ নভেম্বর সন্ধ্যায় যশোর সদরের নারাঙ্গালী এলাকার খালপাড়ে মিরাজের সাইকেল ও পাশের ঝোঁপের মধ্যে তার ক্ষতবিক্ষত লাশ পায় পুলিশ।
ওই ঘটনায় মিরাজের বাবা ঝিকরগাছা থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
২০১৪ সালের ৩১ মে তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের এসআই খবির হোসেন আদালতে অভিযোগপত্র দেন। পরে দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি পাঠানো হয় বিভাগীয় দ্রুত বিচার আদালতে।
২০১৫ সালের সেপ্টেম্বর ৯ খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।