এটিএম বুথ থেকে অর্থ জালিয়াতির ঘটনায় এবার পুলিশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তার সখ্যতার তথ্য দিয়েছেন বিদেশি নাগরিক পিওতর পিটার—উল্লেখ করে এ বিষয়ে সম্পৃক্ততার সুনিদিষ্ট তথ্য না পেলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম।
রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দালিলিক প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
রিমাণ্ডে পিওতরকে জিজ্ঞাসাবাদে এবার বেরিয়ে এসেছে কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম। তাদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন, ডিএমপির মুখপাত্র। এছাড়া, এই জালিয়াতির ঘটনায় ২২ থেকে ২৩টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এটিএম বুথ জালিয়াতির ঘটনায় ইতালিয় নাগরিক পিওতর পিটার ও তিন ব্যাংক কর্মকর্তাকে গত ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় আরো কয়েকজনকে।