বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে প্রয়োজনে বিদেশি যেসব সংস্থা মুদ্রাপাচার নিয়ে কাজ করে তাদের সাহায্য চাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহিদুল হক। শনিবার দুপুরে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শহিদুল হক বলেন, রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক বলেন, রিজার্ভ চুরির ঘটনা তদন্তে এফবিআই আগ্রহ দেখানোয় তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তদন্তের প্রয়োজনে সিআইডিকে বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি।
এ সময় সাংবাদিকদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার নিখোঁজের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর থেকেই তদন্তে নামে রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা। র্যা বের একটি দল বাংলাদেশ ব্যাংকে গিয়ে তদন্ত চালায়। তবে কেন্দ্রীয় ব্যাংক মামলা দায়েরের পর এ ঘটনায় প্রধান তদন্তকারী হিসেবে কাজ করছে সিআইডি।