বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃতাধীন তদন্ত কমিটি। তদন্ত এবং চুরি যাওয়া বাকী অর্থ উদ্ধারে কোন অগ্রগতি সম্পর্কে কোন তথ্য দেয়নি বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুই ডেপুটি গভর্নর এবং সিআইডির তদন্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সরকার গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর বিষয়ে কথা বললেও, চুরি যাওয়া অর্থ আদায় এবং তদন্তের অগ্রগতি নিয়ে কোনো তথ্য জানাতে চায়নি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
অব্যাহতি পাওয়া দুই ডেপুটি গভর্নরের কাজের দায়িত্ব অপর দুই ডেপুটি গভর্নর আবু হেনা মো রাজী হাসান এবং এস কে সুর চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার রহস্য উৎঘাটনে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে সিআইডি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০৮ কোটি টাকা চুরির ঘটনা নিয়ে তোলপাড় চলছে দেশ-বিদেশে। এর মধ্যেও তদন্তের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে স্বাভাবিক গতিতে চলছে দৈনন্দিন কার্যক্রম।