চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দুইপক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহতের ঘটনায় বুধবার গ্রেপ্তার পাঁচজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
চকবাজার থানার ওসি আজিজ উদ্দিন বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহত সোহেল মাহমুদের বাবা আবু তাহের চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনকে আসামি করা হয়। যার মধ্যে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এদের মধ্যে আগে আটক হওয়া ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে হাজির করা হয়। এসময় প্রত্যেককে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে, সিসি টিভির ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িতদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এছাড়া, দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের অপসারণের দাবি জানিয়েছে ছাত্রলীগের একাংশ।
এদিকে, চট্টগ্রামে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়াকে কেন্দ্র করে বর্তমান মেয়র ও সাবেক মেয়রের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল মাহমুদসহ তিন শিক্ষার্থী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেল।