বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই জনসহ মোট ৭ জনকে শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ— বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়ে ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরাই অভিজিৎ হত্যার ঘটনাটি ঘটিয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে জঙ্গি সদস্যরা কুপিয়ে আহত করে বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহাম্মেদকে। হাসপাতালে নেয়ার পর অভিজিৎ রায়কে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।
এরপর পুলিশের হাত ঘুরে মামলাটি তদন্তের ভার পড়ে গোয়েন্দা পুলিশের ওপর। তদন্তে সাহায্য করতে ঢাকায় আসে এফবিআই।
ডিএনএ রিপোর্টের জন্য এফবিআই নমুনা নিয়ে গেলেও তা এখনো হাতে আসেনি বলে গোয়েন্দারা জানিয়েছেন।