টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিককে (২৪) গণধর্ষণের অভিযোগ বাসের চালক ও সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো: চালক হাবিবুর রহমান (৩৪), তার দুই সহকারী খালেক আলী ও রেজাউল করিম।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ওই নারী ধনবাড়িতে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। শুক্রবার ভোরের দিকে তিনি ধনবাড়ি বাসস্ট্যান্ড থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশে ঢাকাগামী ‘বিনিময় পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে ওঠেন।
বাসটিতে ওই সময় কোনো যাত্রী ছিলেন না। একপর্যায়ে চলন্ত বাসের পেছনের সিটে নিয়ে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে চালক ও দুই সহকারী। বাসটি মধুপুরের দিকে নিয়ে গিয়ে পরে ওই নারীকে রাস্তার একপাশে ফেলে দেয় তারা।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে—গ্রেপ্তার ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে শনিবার নেয়া হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ওই নারী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন স্বামীসহ সেখানেই থাকেন। টাঙ্গাইলে তার শ্বশুরবাড়ি।
ওই নারী পোশাকশ্রমিকের স্বামী বলেন, মধুপুর-ময়মনসিংহ সড়ক থেকে তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় পরে ধনবাড়ি থানায় মামলা করা হয়েছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক রেহানা পারভীন বলেন, পরীক্ষার পর ধর্ষণের ব্যাপারটি নিশ্চিত করে বলা যাবে।