টাঙ্গাইল ও লক্ষ্মীপুরে র্যা ব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন।
তাদের মধ্যে দুজন টাঙ্গাইলে ও একজন লক্ষ্মীপুরের বলে জানা গেছে।
র্যা ব ও পুলিশ বলছে, নিহত দুজন নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য ও একজন সন্ত্রাসী ছিলেন।
তারা হলেন: ফজলু ড্রাইভার (৩০), উজ্জ্বল (২১) ও মো. কাউসার (৪০)।
টাঙ্গাইল: র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৩ ) কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের জুগনিহাট এলাকায় তারা অভিযান চালান। র্যা বের উপস্থিতি টের পেয়ে চরমপন্থী দলের সদস্যরা গুলি ছোড়ে। র্যা বও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফজলু ড্রাইভার ও উজ্জ্বলের মরদেহ উদ্ধার করা হয়।
র্যা বের দাবি, ফজলু ও উজ্জ্বলের বাড়ি খোর্দজুগনী গ্রামে। ফজলুর নামে টাঙ্গাইল সদর থানায় ২০টি হত্যা মামলা রয়েছে। উজ্জ্বল তার সহযোগী। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পিস্তল, সাতটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যা ব। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে র্যা ব জানায়।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাবউদ্দিন সাংবাদিকদের বলেন, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বড়কুল এলাকায় গতকাল রাত সাড়ে ৩টার দিকে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মো. কাউসার গুলিবিদ্ধ হন। সদর হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
যুবদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর ভাষ্য, কাউসার ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।