বিভিন্ন তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে সত্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান সিআইডির ঢাকার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।
শনিবার মধ্যরাতে কুমিল্লা সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিআইডির ঢাকার বিশেষ পুলিশ সুপার বলেন, এ পর্যন্ত কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার সংখ্যা হিসেবে রাখা হয়নি— যখন যাকে যেখানে প্রয়োজন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো বলেন, খুবই দ্রুত এ হত্যা মামলার তথ্য উদঘাটন করা যাবে।
এছাড়া, রোববার সিআইডির ডিআইজি কুমিল্লায় আসবেন এবং সব কিছুই পর্যবেক্ষণ করবেন বলেও জানান পুলিম সুপার।
গত বুধবার থেকে এ পর্যন্ত ঢাকা ও কুমিল্লার সিআইডির সমন্বিত দলটি সেনানিবাসে এবং কুমিল্লা সিআইডি কার্যালয়ে এনে তনুর পরিবারসহ বেশ কয়েকজন সাময়িক এবং বেসামরিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করে।
উল্লেখ, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও এখনও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই কলেজছাত্রীর হত্যাকাণ্ডের পর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে সারাদেশে। দুই সপ্তাহেও খুনি শনাক্ত না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ।