সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ আদেশ দেন।
মায়ের অসুস্থতার কারণে উচ্চ আদালতের নির্দেশে ১৫ দিনের জামিনে ছিলেন আরিফুল। সোমবার ১৪ দিনের মাথায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিজের অসুস্থতার কারণ দেখিয়ে ২৮ এপ্রিল পর্যন্ত জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে দেয়।
২০১৫ সালের ৭ জানুয়ারি কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় আরিফুল হক চৌধুরীকে মেয়রের পদ থেকে সাময়িক বরাখাস্ত করা হয়। এ মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আরিফুল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে কারাগারে পাঠানো হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।