কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর ছোট ভাইয়ের বন্ধু মিজানুর রহমান ওরফে সোহাগ দুই সপ্তাহেরও বেশি সময় নিখোঁজ থাকার পর বাড়ি ফিরেছেন। মঙ্গলবার ভোরে মিজানুর কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামে নিজ বাড়িতে ফেরেন।
মিজানুরের পরিবারের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফজরের নামাজের পর মুসল্লিরা মিজানুরকে লুঙ্গি পরা অবস্থায় বাড়ির কাছাকাছি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে মুসল্লিরা তাকে বাড়িতে নিয়ে যান। মিজানুর যে লুঙ্গি পরে বাড়ি থেকে গিয়েছিলেন, সেই লুঙ্গি পরেই ফিরে এসেছেন।
মিজানুর এতদিন কোথায় ছিলেন সেই সম্পর্কে এখনো কিছুই জানা যায় নি বলেও জানান তিনি।
গত ২৭ মার্চ সোহাগকে ধরে নেয়া হয় বলে অভিযোগ করেছিলেন তার বাবা নুরুল ইসলাম।
উল্লেখ, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।