প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা পরিকল্পনা মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারি পুলিশ সুপার (এএসপি) হাসান আরাফাত তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
এর আগে সকালে নিজ বাসা ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত।
তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাংবাদিক শফিক রেহমানকে ডিবি পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় গত বছর পল্টন থানার (রাষ্ট্রদ্রোহ) একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাযরুল কবির খান জানান, সাদা পোশাকের কয়েকজন তাকে তুলে যান।
উল্লেখ্য, ২০১৫ সালে পল্টন থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা পরিকল্পনা গ্রেপ্তার দেখানো হয়েছে।