জামিনে কারামুক্ত হওয়ার পর আবারো দুই মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, শুক্রবার রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজার এলাকা থেকে দেড় মাসের মাথায় নাশকতার মামলায় ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নান এর আগে নাশকতার মোট ১৯টি মামলায় গ্রেপ্তার হয়ে এক বছরের বেশি কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিনে মুক্তি পান।
ওসি রেজাউল বলেন, ওই ১৯ মামলার বাইরে নাশকতার ‘পেন্ডিং’ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত বছরের ১১ ফেব্রুয়ারি ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর নাশকতার দুটি মামলার অভিযোগপত্রে নাম এলে গাজীপুর সিটির প্রথম এই মেয়রকে একই বছরের ১৯ আগস্ট সাময়িক বরখাস্ত করে সরকার।
ও্ই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে। একই সঙ্গে রুল দিয়ে মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয় সরকারের কাছে।
গাজীপুর সিটির এই মেয়রকে পুলিশ রাত ১০টার দিকে গ্রেপ্তারের কথা জানালেও তাকে সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীর খান।
হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, বিকালে মেয়র এমএ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একাধিক অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হয়ে কালিয়াকৈরের চা বাগান-মৌচাক সড়ক দিয়ে ঢাকার বাসায় ফিরছিলেন।
এসময় গাজীপুর গোয়েন্দা পুলিশের একদল সদস্য সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈরের ভান্নারা বাজার এলাকায় মেয়র মান্নানের গাড়ির গতিরোধ করে আটক করে।
মেয়র মান্নানকে প্রথমে কালিয়াকৈর থানায় নিয়ে ঘণ্টা দেড়েক বসিয়ে রাখা হয় দাবি করে বিএনপি নেতা হুমায়ুন আরও বলেন, পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা মেয়র মান্নানকে পুলিশের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যান।