রাজধানীর কলাবাগান লেক সার্কাস রোডের ডলফিন গলিতে সোমবার বাসায় ঢুকে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তাসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
জানা গেছে, নিহত প্রটোকল কর্মকর্তার নাম জুলহাস মান্নান। তিনি আ.লীগ নেত্রী ও সাবেক মন্ত্রী ডাঃ দীপু মনির খালাতো ভাই। সমকামীদের পত্রিকা ‘রূপবানের’ সম্পাদকও ছিলেন তিনি।
কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের নাম জুলহাস ও তন্ময় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই বাসায় জুলহাস, তার মা আর একজন গৃহকর্মী থাকতেন। জুলহাসের বন্ধু তন্ময়।
তিনি আরো বলেন, বিকেলে ৪/৫ জন যুবক পার্সেল দেয়ার কথা বলে উত্তর ধানমন্ডির কলাবাগানের তেঁতুলগলি এলাকার ৩৫ নম্বর বাসায় যায়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা ভেতরে ঢুকে ২ জনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাসার নিরাপত্তাকর্মী তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও বেধড়ক মারধর করে। পরে ওই বাসা থেকে তারা অস্ত্র হাতে দ্রুত বের হয়ে যায় এবং ফাঁকা গুলি ছুড়তে থাকে।