অধিকারকর্মী ও যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থার কর্মকর্তা জুলহাজ মান্নান ও নাট্যকর্মী তনয়ের হত্যাকারীরা সংখ্যায় কতোজন ছিল তা এখনো নিশ্চিত নয়। তবে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে খুন করে দৌড়ে পালানোর সময় ৫ হত্যাকারীর ছবি। তাদের পালানোর সময় আরো ৩ যুবকের সন্দেহজনক গতিবিধিও রয়েছে ফুটেজে।
ধারণা করা যায়, এ ৩ জন খুনিদের পালানোর সাহায্যে সেখানে ছিল। কলাবাগানে যে বাড়িতে খুন হন তার কাছের ভবনের সিসিটিভি ক্যামেরায় এ ফুটেজ ধরা পড়ে। পুলিশ এখন ফুটেজ খতিয়ে দেখছে এবং তারা আশাবাদী খুনিদের পুরো চক্রকেই শনাক্ত করা যাবে।
অধিকারকর্মী জুলহাস মান্নান ও নাট্যকর্মী তনয়ের খুনিদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে আছিয়া নিবাসের কয়েকশ গজ দূরের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায়।
ফুটেজে দেখা যায়, খুন করে এভাবেই দৌড়ে পালায় ৫ যুবক।
বিকেল ৬টার দিকের এই ফুটেজে আরো নজর পড়ে ওই পাঁচজন ছাড়াও আরো কয়েকজনের গতিবিধির ওপর। প্রশ্ন উঠেছে এরা কারা?
দেখা যায়, ৫ খুনি একযোগে দৌড়ে পালানোর আগে থেকেই ডান দিকে মোড় নেয়া এক গলির মুখে একটি প্রাইভেট কারকে আড়াল করে পরিস্থিতির ওপর নজর রাখা এক যুবককে।
কিছুক্ষণ পর সাদা শার্ট ও জিন্স পরিহিত দাড়িওয়ালা অপর এক যুবককে মোবাইল পকেটে ঢোকাতে ঢোকাতে হেঁটে ওই যুবকের সঙ্গে যোগ দিতে দেখা যায়। ততক্ষণে খুনিদের পালনো শুরু হয়েছে। তারা তাই আড়াল নিয়ে দেখছিলেন। ৫ খুনির পালানো শেষ হতেই তারাও দ্রুত সটকে পড়ে।
একই সময়ে অপর এক সাদা শার্ট পরিহিত যুবক ডান হাত পকেটে ঢোকানো অবস্থায়, মোবাইলটি বাঁ হাতে নিয়ে দাঁড়ায় ৫ যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার গলিতে। তার সামনে দিয়েই তারা দৌড়ে পালায়, সেও তাদের দিকনির্দেশ করছিল। পরে আহত পুলিশকে পথ দেখিয়ে সেও দ্রুত উধাও হয়।
পুলিশ বলছে, তারা এখন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছেন। খুনিদের শনাক্ত করাও সম্ভব বলে তারা আশাবাদী।