অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় রাজশাহীর বাগমারা থেকে বাবা ও ছেলেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
পরিবারের সদস্যদের অভিযোগ, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাকিম ও তার ছোট ছেলে বাগমারা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আরিফুল ইসলামকে ভোরে আইন-শৃঙ্খলাবাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, রেজাউল করিম হত্যায় জিজ্ঞাসাবাদ করতে তাদের নেয়া হতে পারে।
আব্দুল হাকিমের বড় ছেলে শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী। তিনি দেড় বছর ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখেন না। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত না যাওয়ায় তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশও নিতে পারেন নি তিনি।
গত শনিবার নিজ বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয় সংস্কৃতিমনা শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে। এ ঘটনায় গ্রেপ্তার শিবির নেতা হাফিজুর ৪ দিনের রিমান্ডে আছে। মামলাটি তদন্ত করছে মহানগর ডিবি পুলিশ।