এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যার কুলকিনারা করতে পারেনি পুলিশ। এদিকে, শিক্ষক হত্যার বিচারের দাবিতে আজও (শনিবার) উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঞ্চস্থাপন করে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এক সপ্তাহ আগে মহানগরীর শালবাগানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এ ঘটনার কুলকিনারা করতে পারেনি।
এ পর্যন্ত ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন হয়নি। এ অবস্থায় প্রত্যক্ষদর্শীদের সহায়তা চাইছে পুলিশ।
আর শিক্ষক হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ইংরেজী বিভাগে মঞ্চস্থাপন করে চলছে প্রতিবাদ সমাবেশ। সমাবেশে রেজাউল করিমের ছেলে রিয়াছাত ইমতিয়াজ সৌরভ যোগ দিয়ে বাবার হত্যাকারিদের গ্রেপ্তারের দাবি জানান।
ইংরেজি বিভাগের সঙ্গে একাত্ম হয়ে সমাবেশ ও মিছিলে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগও। শনিবার একঘন্টা কর্মবিরতি পালন করে শিক্ষক সমিতি। এসব কর্মসূচিতে রেজাউল করিমের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ১২ বছরে চারজন শিক্ষক হত্যার শিকার হয়েছেন। ৪ জনই ছিলেন প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।