ছাত্রীকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার কলাবাগান থানার এসআই শামীম আহাম্মেদ মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম দেলওয়ার হোসাইন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেনভ
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সহায়তায় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ছিলেন আইনজীবী হামিদা আকতার। তিনি বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রীর প্রতিনিধিত্ব করেন।
যৌন হয়রানির অভিযোগে গতকাল রাতে কলাবাগান থানার করা মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাশ বলেন, যৌন হয়রানির অভিযোগে গতকাল রাতে ফেরদৌসের বিরুদ্ধে মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কলাবাগান থানার হাজতে রাখা হয়েছে।
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের ওই শিক্ষককে গত শনিবার সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পদক্ষেপ নেয়।
পরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এ এম এম সফিউল্লাহ সাংবাদিকদের বলেন, তদন্তের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগের ছাত্রীরা বিভিন্ন সময় যৌন হয়রানির অভিযোগ করেন। সম্প্রতি আরেক ঘটনায় শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে জানান।
ওই শিক্ষক সংশ্লিষ্ট ছাত্রীকে চাপ দিয়ে মিথ্যা বিবৃতি আদায় করেন। এজন্য তারা ওই শিক্ষককে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান।