জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ৫ বাংলাদেশিকে সাত দিনের রিমাণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে পুলিশের করা দশ দিনের রিমাণ্ড আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।
এর আগে, সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ৫ বাংলাদেশি জঙ্গির দেশে জিহাদ করাই প্রধান লক্ষ্য ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের-ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নে জাবাবে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, এর আগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ১৭ বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে এদের সম্প্রক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের হাতে আটককৃতরা সিঙ্গাপুরে গিয়ে জঙ্গিতে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের হত্যা করার যে লিস্ট করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলেও জানান পুলিশের এ মুখপাত্র।
এ সময় তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকালের তথ্য:
সিঙ্গাপুরে ৮ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের সিরিয়ায় গিয়ে তাদের আইএসে যোগদানের পরিকল্পনা ও বাংলাদেশের হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।