বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের এক বছর হলো আজ (বৃহস্পতিবার)। এ হত্যা মামলায় এখনো খুনিদের সনাক্ত করা যায়নি—আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পর থেকে ১১ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও মামলার কূল-কিনারা মেলেনি।
২০১৫ সালের ১২ মে বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ কর্মস্থলে যাওয়ার পথে সিলেটের সুবিদবাজারে নিজ বাসার সামনে খুন হন। এ হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও মামলার তদন্তকাজে আশানুরূপ অগ্রগতি হয়নি। এখনো সনাক্ত করা যায়নি খুনিদের।
এ অবস্থায় বিচারের আশা ছেড়ে দিয়েছেন অনন্তর পরিবারের সদস্যরা।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গত এক বছরে ১১ জনকে গ্রেপ্তার দেখালেও এখনো সনাক্ত করতে পারেনি খুনিদের।
এ বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ডক্টর মুহম্মদ জাফর ইকবাল।
এদিকে, অনন্ত বিজয় দাশের স্মরণে হত্যাকাণ্ডের জায়গায় একটি প্রতিবাদী স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছেন তাঁর সতীর্থরা।
গত বছরের ১২ মে নিজ বাসার সামনে অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতেই অজ্ঞাত চারজনকে আসামি করে বড়ভাই রত্নেশ্বর দাশ বাদি হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।