জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন সদস্য শরিফুল ইসলাম ওরফে শিহাবকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
রোববার শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
দুপুরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী শিহাবকে ঢাকার হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের হেফাজতে নেয়ার আবেদন করেন।
প্রসিকিউশন পুলিশের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান রিমান্ড আবেদনে বলা হয়, শরিফুল ইসলাম শিহাব আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সে দলীয় কর্মকাণ্ডের জন্য অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র সরবরাহ করে থাকে। ওই ঘটনায় আর কারা জড়িত তা জানতে শিহাবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
সকালের তথ্য:
রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার বলেন, রোববার ভোরের পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরা দিকে কুষ্টিয়া থেকে শরিফুল ইসলাম ওরফে শিহাব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, শিহাব আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য—ঢাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে তারা কুষ্টিয়ায় পালিয়ে ছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে।
উপ কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন জানান, দুপুরে মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
গত ২৫ এপ্রিল কলাবাগানের একটি বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে চাকরিজীবী ছিলেনন। তিনি সমকামীদের অধিকার-বিষয়ক সাময়িকী রূপবান সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। মাহবুব ছিলেন নাট্যকর্মী।
দুর্বৃত্তরা ওই বাড়ির নিরাপত্তাকর্মীকেও কোপায়। পরে কলাবাগানের ডলফিন গলি দিয়ে পালানোর সময় কলাবাগান থানা-পুলিশের এক সদস্য এক দুর্বৃত্তকে জাপটে ধরেন। দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এক দুর্বৃত্তের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই ব্যাগে আগ্নেয়াস্ত্রসহ নয় ধরনের আলামত পাওয়া যায়।
জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’।
জুলহাজ ও মাহবুব হত্যার ঘটনায় কলাবাগান থানায় দুটি মামলা হয়েছে— একটি হত্যা মামলা, অন্যটি অস্ত্র আইনে। জুলহাজ মান্নানের ভাই মিনহাজ মান্নান হত্যা মামলাটি করেছেন।
পুলিশের উপপরিদর্শক শামীম আহমেদ সরকারি কাজে বাধা ও অস্ত্র আইনে মামলা করেছেন।
দুটি মামলায়ই অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। মামলা দুটি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।