ডিএনএ পরীক্ষায় কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের আলামত মিলেছে।
প্রথম ময়না তদন্তে চিকিৎসকরা না পেলেও সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষা করে সিআইডি জানিয়েছে খুন হওয়ার আগে ধর্ষিত হয়েছিলেন তনু। টেস্টে ৩ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলেও জানা গেছে।
সোমবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এতে কয়েকজনের বীর্যের উপস্থিতিও পাওয়া গেছে।
এদিকে, গত ২০ মার্চ তনু হত্যার ১৫ দিন পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল ময়নাতদন্তে ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানিয়েছিলেন। এরপর আদালতের আদেশে কবর থেকে মরদেহ তুলে তনুর দ্বিতীয় ময়নাতদন্ত হয়। সেই পরীক্ষার প্রতিবেদন এখনও পাওয়া যায়নি বলে জানান তারা।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু গত ২০মার্চ খুন হন। ওই রাতে ময়নামতি সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। খুন করার আগে হত্যাকারীরা সোহাগীর মাথার হিজাব টেনে খুলে ফেলে, মাথার লম্বা চুল কাঁচি দিয়ে কেটে ফেলে।
এ ঘটনায় তনুর বাবা পরের দিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন।