রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী মুকুল হত্যার ঘটনায় – জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন নগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই জেএমবি সদস্যের নাম মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ সে সোমবার জবানবন্দি দিয়েছে।
তিনি বলেন, হত্যার ঘটনায় সাকিব ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায়, সে জেএমবির সদস্য। হত্যাকাণ্ডে সরাসরি ৪ জন অংশ নেয়। তাদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে।
বাকি তিন জনকে সোমবার রাতে রাজশাহী নগরীর খরখরি এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানালেও ‘তদন্তের স্বার্থে’ তাদের পরিচয় প্রকাশ করেননি পুলিশ কমিশনার।
তিনি বলেন, আবদুল্লাহ নিজে হত্যাকাণ্ডে অংশ নেয় বাকিরাও জেএমবি সদস্য। তারা হত্যাকাণ্ডে সহায়তা ও আশ্রয়-প্রশ্রয় দিয়েছে।
আব্দুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী, পুলিশ সোমবার রাতে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকা থেকে হত্যাকারিদের আশ্রয়দাতা তিন জেএমবি সদস্য, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, পুলিশ প্রশাসনের আশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষক সমিতির নেতারা।
গত ২৩ এপ্রিল রাজশাহী মহানগরীর শালবাগানে ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়।