ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পোস্টার লাগানোর সময় পাবনা সদরে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে একই দলের প্রতিপক্ষ গ্রুপের লোকজনের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পয়দা বাজারে আমজাদ মোল্লার পক্ষে আব্দুর রহিমসহ কয়েকজন যুবক পোস্টার লাগাচ্ছিলো। এসময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে রহিম ঘটনাস্থলেই মারা যান।
নিহত আব্দুর রহিম গয়েশপুর গ্রামের জামশেদ মোল্লার ছেলে এবং গয়েশপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার চাচা আমজাদ মোল্লা গয়েশপুর ইউনিয়নের সদস্য পদপ্রার্থী। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সান মোল্লাও একজন ইউনিয়ন সদস্য পদপ্রার্থী। এ নিয়ে সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, গাজীপুর কাপাসিয়ায় বখাটেদের ছুড়িকাঘাতে ফারুক হোসেন নামে এক পথনাট্যকর্মী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কাপাসিয়ার সংহস্রী চৌরাস্তা মোড়ে স্থানীয় একটি দোকানে অবস্থান করছিলেন পথ নাট্যকর্মী ফারুক হোসেন। স্থানীয় বখাটে শাকিল ও তার বাবা সেখানে পৌঁছালে ফারুকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফারুকের পেটে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় শাকিল।
এসময় স্থানীয়রা ফারুককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বগুড়া শহরের সুলতানগঞ্জে ফজলার রহমান নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করেছে দুবৃত্তরা। এ ঘটনায় দুই নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।