সায়হাম গ্রুপের এজিএম (মার্কেটিং) মনিরুল ইসলাম খুনের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো: মুরসালিন, শাকিল, আকাশ, আশিক ও জুয়েল।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ পাঁচ জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের দেয়া তথ্য মতে দক্ষিণগাঁও এলাকার একটি জলাশয় থেকে নিহত মনিরুলে লুট হওয়া দুটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করে তা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
গত ২২ মে সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে ডিবির খিলগাঁও জোনাল টিম অভিযান পরিচালনা করে এই পাঁচ জনকে গ্রেপ্তার করা করেছে।
প্রসঙ্গত: ১৭ মে মনিরুল গাড়ির চালককে সবুজবাগ থানার নন্দিপাড়া ব্রিজের পূর্ব পাশে দাঁড় করিয়ে রেখে ‘আসছি’ বলে চলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরদিন খিলগাঁও পুলিশ মোস্তমাজির মোড় এলাকা থেকে মনিরুলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।