লক্ষ্মীপুরে মো. ইসমাইল হোসেন চৌধুরী ও তার ভাই ইব্রাহীম হোসেন রতনকে বুধবার গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তারা হলেন: ইসমাইল হোসেন (৪৫) ও ইব্রাহীম হোসেন (৪২)।
নিহতদের চাচাতো ভাই হারুনুর রশিদ জানান, বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামের বৈদ্দের বাড়ির মোড়ে ইসমাইল ও রতন একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় সিএনজি চালিত অটোরিকশায় করে চার/পাঁচ জন যুবক এসে তাদের খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যান। দুর্বৃত্তদের মধ্যে একজন মুখোশধারী ছিলেন। খবর পেয়ে স্বজনরা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, রতন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতরা সদর উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ির শরিফ উদ্দিনের ছেলে।
সদর উপজেলার দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার শাহাজী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।