এপ্রিলে সিঙ্গাপুরে গ্রেপ্তার ৬ জন বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগ গঠন করেছে দেশটির আদালত। শুক্রবার অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) আওতায় তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।
৬ জন হলেন : মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), হাজি নুরুল ইসলাম সওদাগর ওরফে মো. জাবেদ কায়সার (৩০) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।
গত এপ্রিলে জঙ্গি সন্দেহে এ ৬ জনকে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আটক করা হয়। তারা দেশে ফিরে গিয়ে গুপ্তহত্যাসহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে ওই দেশের সরকার। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৩ মে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিল।
পরে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ‘আক্রমণের লক্ষ্যবস্তু’ হিসেবে বাংলাদেশের কিছু সরকারি ও সামরিক কর্মকর্তার নামের তালিকা, অস্ত্র ব্যবহার ও বোমা তৈরির পদ্ধতিসংক্রান্ত দলিলপত্র এবং উগ্রপন্থী বইপত্র পাওয়া গেছে। তারা সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে চান।
তবে মধ্যপ্রাচ্যে যাওয়া কঠিন বলেই তারা বাংলাদেশে ফিরে গিয়ে সহিংস উপায়ে সরকার উৎখাতের মাধ্যমে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেশটিকে আইএসের স্বঘোষিত খিলাফতের অধীনে নেয়ার চেষ্টার ওপর গুরুত্ব দেন।