চট্টগামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ৪৮ ঘণ্টা পার হলেও মঙ্গলবারও মামলার দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। সোমবার চারজনকে জিজ্ঞাসাবাদ করলেও গুরুত্বপূর্ণ কোন তথ্য না পাওয়ায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে খুনীদের চেহারা অস্পষ্ট থাকায় নগরীর অন্যান্য স্থান থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা নিয়ে কাজ করছে পুলিশ। তাছাড়া ঘটনায় ব্যবহৃত উদ্ধার হওয়া মোটরসাইকেল, মিতুর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে কাজ করছেন তারা। মোটরসাইকেলের মালিককে ধরতেও অভিযান চলছে।
রোববার ভোরে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় বাসার কাছে চট্টগ্রামের ওআর নিজাম রোডে মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।