পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় জড়িত সন্দেহে শিবিরের সাবেক কর্মী আবু নছর ওরফে গুন্নুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দেবদাস ভট্টাচার্য বলেন, ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আবু নছরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন, আবু নছর দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। ৫ বছর আগে দেশে ফেরেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণসহ ৩টি মামলা রয়েছে। তাঁর নির্দিষ্ট কোনো পেশার তথ্য পাওয়া যায়নি।
মাহমুদাকে হত্যায় সরাসরি অংশ নেয়া মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে আবু নছর ছিলেন না। তবে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করে তিনি খুনিদের সহায়তা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে বলেও জানান তিনি।
গত রোববার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরের জিইসি এলাকায় দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা। ভিডিওচিত্রে দেখা যায়, মাহমুদাকে খুন করে মোটরসাইকেলের তিন আরোহী জিইসি মোড় থেকে গোলপাহাড়ের দিকে চলে যায়।
এ ঘটনায় গত সোমবার বাবুল আক্তার হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলা তদন্তের মূল দায়িত্বে আছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে র্যা ব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই) তদন্তে সহায়তা করছে।