পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় শুধু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশই নয়, পুলিশের সবকটি সংস্থাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করবে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য।
বৃহস্পতিবার ১২টার দিকে চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নির্ধারিত সময়ের আগে মিতু কেন বাসা থেকে বের হলেন— সেই বিষয়টিকে সামনে রেখে পুলিশ হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।
এছাড়া, মোটরসাইকেল, মাইক্রোবাস ও সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে—উল্লেখ করে আজ এই ঘটনায় গ্রেপ্তার আবু নসর গুন্নুকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও সম্মেলনে জানান তিনি।
গত রোববার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরের জিইসি এলাকায় দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা। ভিডিওচিত্রে দেখা যায়, মাহমুদাকে খুন করে মোটরসাইকেলের তিন আরোহী জিইসি মোড় থেকে গোলপাহাড়ের দিকে চলে যায়।
এ ঘটনায় গত সোমবার বাবুল আক্তার হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলা তদন্তের মূল দায়িত্বে আছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে র্যা ব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই) তদন্তে সহায়তা করছে।