নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়ার এ ঘটনায় নিহত রাকিব শেখ (৩০) আন্তঃজেলা ডাকাত সর্দার।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাকিব তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে রাত আড়াইটার দিকে টহল পুলিশ খবর পেয়ে সেখানে যায়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে রাকিব গুলিবিদ্ধ হন।
ওসি জানান, গুলিবিদ্ধ রাকিবকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সঞ্জিত অধিকারী (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সঞ্জিত গতকাল ‘বন্দুকযুদ্ধে’ নিহত চরমপন্থী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) নেতা মোজফফর সানার সহযোগী।
সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, জঙ্গি ও সন্ত্রাসী দমনে সারাদেশে পুলিশের ‘সাঁড়াশি অভিযানের’ অংশ হিসেবে তালা থানার উপপরিদর্শক রইচউদ্দিনের নেতৃত্বে একটি দল তেঘরিয়ায় অভিযান চালাচ্ছিল। পুলিশ সেখানে সন্ত্রাসী দলকে দেখতে পায়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদশা মিয়া আহত হন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত আহত হন। অন্যরা পালিয়ে যায়। সঞ্জিতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাস জানান, ডান পায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় সঞ্জিতকে আজ ভোর সাড়ে ৪টার দিকে নিয়ে আসা হয়। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।