পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় চট্টগ্রামের শীতলঝর্না থেকে শাহজাহান ওরফে রবিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
তিনি এ ঘটনার ‘মূল হোতা সন্দেহভাজন হিসেবে পুলিশের ধারনা—শনিবার চট্টগ্রাম পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার নগর পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ তথ্য জানান।
তিনি বলেন, সকালে বায়েজিদ বোস্তামী থানার শীতল ঝরনা এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। ঘটনার সময় ঘটনাস্থলের পাশেই তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। তিনি ঘটনার ‘মূল হোতা’ হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
হত্যার পর রাতে পাঁচলাইশ থানার এক এসআইকে দিয়ে পুলিশের পক্ষ থেকে প্রথমে মামলার করার সিদ্ধান্ত হলেও গত সোমবার বাবুল আক্তার নিজে বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে, মিতু হত্যায় আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার-আল-ইসলাম নিন্দা জানিয়েছে— এ তথ্য প্রকাশ করেছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
শুক্রবার সাইটের ওয়েবসাইটে আনসার-আল-ইসলামের বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়।
এতে বলা হয়, আনসার-আল-ইসলামের এক বিবৃতিতে এসপি স্ত্রী মিতু হত্যাকাণ্ড ইসলামে 'অনুমোদনযোগ্য নয়' বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। এ ছাড়া আনসার-আল-ইসলাম এ ঘটনায় জঙ্গিদের দোষারোপেরও নিন্দা জানিয়েছে সাইটের খবরে বলা হয়েছে।
এদিকে, বাংলাদেশে মুক্তমনা লেখক, অধ্যাপক ও অধিকার কর্মীসহ সাম্প্রতিক অনেকগুলো হত্যাকাণ্ডে আল-কায়েদার দায় স্বীকারের বার্তা দিলেও এবারই প্রথম তাদের নিন্দা জানানোর খবর দিয়েছে সাইট ইন্টেলিজেন্স।
উল্লেখ, এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
একই দিনে নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। একদিন পর ৭ জুন একই কায়দায় ঝিনাইদহ সদর উপজেলায় দুর্গা মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যা করা হয়। এ দুটি ঘটনাতেই আইএস দায় স্বীকার করে বলে জানায় সাইট ইন্টেলিজেন্স।
এসব ঘটনায় জঙ্গি ও সন্ত্রাসীদের ধরতে শুক্রবার রাত থেকে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে এই সাড়াশি অভিযানের মধ্যেই শুক্রবার সকালে পাবনায় একটি সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনাতেও আইএস দায় স্বীকার করেছে বলে জানায় সাইট ইন্টেলিজেন্স।
গত প্রায় এক বছর ধরে বাংলাদেশে ধারাবাহিকভাবে মুক্তমনা লেখক, অধ্যাপক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় নেতা, ভিন্ন মতাবলম্বী মুসলমান হত্যাকাণ্ড ঘটছে। এসব হত্যাকাণ্ড ও হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস ও একিউআইএসের দায় স্বীকারের খবর দিয়ে আসছে সাইট ইন্টেলিজেন্স।
সর্বশেষ গত ২৫ এপ্রিল ঢাকায় সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের পর একিউআইএসের দায় স্বীকারের খবর দেয় সাইট।
তার আগে ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার ঘটনায়ও একিউআইএসের নামে দায় স্বীকারের খবর আসে।
তাদের প্রথম দায় স্বীকারের খবর আসে গত বছর ফেব্রুয়ারিতে বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায়।
এরপর ওই বছর মে মাসে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ খুনসহ আরও বেশি কয়েকটি হত্যা ও হামলার পর হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে একিউআইএসের সংশ্লিষ্টতার দাবি করা হয়েছিল।
তবে এই সংগঠনটির তৎপরতার বিষয়ে বাংলাদেশের গোয়েন্দাদের কাছে তেমন তথ্য নেই।