রাজধানীর গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ।
আটককৃত ডাকাতদের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
ডাকাতদের গুলিতে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানও গুলিবিদ্ধ হন। বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই ওসি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গেন্ডারিয়া থানার ওসি বলেন, গেন্ডারিয়া থানাধীন নামাপাড়া মসজিদের পাশে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ তিন ডাকাতসহ মোট সাত ডাকাতকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
গুলিবিদ্ধ তিন ডাকাত হলো- সজিব (২০), স্বপন (২০), মিলন (২৫)। গুলিবিদ্ধ ডাকাতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা, ২টি ছুরি ও একটি গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।