জঙ্গি ও তালিকাভুক্ত সন্ত্রাসী দমনে সারাদেশে চলমান পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় দেড় হাজারেরও বেশি আটক হয়েছে।
এদের মধ্যে জঙ্গি রয়েছে ৪৮ জন এবং তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে প্রায় পনেরশো। পুলিশ সদরদপ্তর থেকে একথা জানানো হয়েছে।
এদিকে, সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে ১৮ জনকে। অভিযানে রাজধানীর গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন অপরাধী গুলিবিদ্ধ হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র।
শনিবার মধ্যরাতের পর রাজধানীর গেণ্ডারিয়া থানার নামাপাড়া মসজিদ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে তালিকাভুক্ত সন্ত্রাসীদের বৈঠকের সময় অভিযান চালায় পুলিশ।
এসময় পুলিশকে লক্ষ্য করে ছোড়া সন্ত্রাসীদের গুলিতে গেণ্ডারিয়া থানার ওসি গুলিবিদ্ধ হন। পুলিশের পাল্টা গুলিতে তিন শীর্ষ সন্ত্রাসী সজীব, স্বপন ও মিলন গুলিবিদ্ধ হয়।
বেশ কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয় সাত জনকে। অপর এক অভিযানে রাজধানীর ওয়ারী এলাকা থেকে দেশি অস্ত্রসহ আটক করা হয় আরো ১১ জনকে।
এছাড়া ঢাকার বাইরে পুলিশের সাঁড়াশি অভিযানে শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জামাত-শিবির কর্মীসহ ছয় শতাধিক জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে তিনজন জামাতের কর্মী রয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এ অভিযান চলে। এদিকে, দিনাজপুরে রাতভর অভিযানে দুইজন জামাত ও একজন জঙ্গিসহ আটক করা হয়েছে ৬৫ জনকে।
গাইবান্ধাতেও বিভিন্ন মামলার আসামিসহ ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। গাইবান্ধায় রাতভর অভিযানে এক জামাত ও এক জেএমবিসহ গ্রেপ্তার হয়েছে ৩৮ জন। এছাড়া, চট্টগ্রাম, বান্দরবান, নওগাঁ, মাগুরা, ঝিনাইদহ, মৌলভীবাজার, পিরোজপুর, রংপুরে ও মেহেরপুরে জামাত-জেএমবিসহ বিভিন্ন মামলার প্রায় ৪ শতাধিককে গ্রেপ্তার করা হয়।