নড়াইল, সাতক্ষীরা ও নাটোরে পুলিশের অভিযানে দুই জেএমবি সদস্যসহ ১২৮ জনকে আটক করা হয়েছে।
নড়াইলে পুলিশের অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্তু জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জেএমবি, জামাত কর্মীসহ ৩১ জনকে আটক করেছে। এর মধ্যে সদর থানা পুলিশ আরাফাত হোসেন নামে এক জেএমবি সদস্য, জামাতকর্মীসহ ৮ লোহাগড়া ১২, কালিয়া ৪, নড়াগাতি থানা পুলিশ ৭ জন আটক করেছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।
এদিকে, সাতক্ষীরায় পুলিশের অভিযানে মনোয়ার হোসেন নামে জেএমবির এক কর্মীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। মনোয়ার হোসেনকে ২০০৫ সালে জেএমবি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।
নাটোরে পুলিশের অভিযানে বড়াইগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামীম হোসেনসহ ৬০ জনকে আটক করা হয়েছে।