ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সাত্তার (৩২) নামে একজন নিহত হয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, অস্ত্র ও ডাকাতিসহ ৮ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আবদুস সাত্তারকে সোমবার বিকেলে রসুলপুর গ্রামের রিফিউজিপাড়া থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে রাতে বেশ কয়েকটি জায়গায় অভিযানে নামে পুলিশ।
সাত্তারের দেয়া তথ্যানুযায়ী রাত ১টার দিকে রসুলপুর কবরস্থানের পেছনে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় সাত্তারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে গুলি চালালে সাত্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত আবদুস সাত্তার রসুলপুর গ্রামের রিফিউজিপাড়ার মৃত আবদুল মান্নানের ছেলে।
তবে পুলিশের দাবি, নিহত সাত্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।