বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাংবাদিক নেতা শওকত মাহমুদ বুধবার জামিনে মুক্তি পেয়েছেন।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দী ছিলেন তিনি।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাংবাদিক শওকত মাহমুদের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগার-২ পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৪টার দিকে শওকত মাহমুদকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। এ সময় তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ কারাগার ফটকে উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, শওকত মাহমুদের জামিনের কাগজপত্র যাচাই বাছাই করে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মুক্তি দেয়া হয়েছে।
গত বছরের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর ইস্কাটনে গাড়ি পোড়ানোর অভিযোগে রমনা থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।