ঝিনাইদহ সদর উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ছাত্র শিবিরের সাবেক নেতা ইবনুল ইসলাম পারভেজ (২৯) নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার মধুপুর কবরস্থান এলাকার পারভেজ পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন।
পারভেজ ঝিনাইদহ শহর শিবিরের সাবেক সভাপতি।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, শিবির নেতা পারভেজ ১৩টি নাশকতার মামলার হুলিয়াভুক্ত পালাতক আসামি।
তিনি আরো বলেন, শুক্রবার দিবাগত রাতে ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। পুলিশের টহল যানটি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের মধুপুর কবরস্থানের কাছে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
ওসির বলেন, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।পরে অন্যান্য সন্ত্রসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, গত ১৬ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নম্বর রোডের ১১ নাম্বার বাসার ৬ তলা থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় পারভেজকে। একই সময় পারভেজের সঙ্গে আরো দুই জনকে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে শিবির নেতা শহীদ আল মাহমুদ ও আনিসুর রহমান শুক্রবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মাঠে বন্দুকযুদ্ধে নিহত হন।
এদিকে, গত বুধবার শিবিরের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ইবনুল ইসলাম পারভেজ, শহীদ আল মাহমুদ ও আনিসুর রহমানকে তাদের কর্মী দাবি করে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি পাঠায়।
এর আগে শুক্রবার ভোরে ওই এলাকার কাছাকাছি উত্তর কাস্টসাগরা গ্রামে রাধামদন মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।