রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
সোমবার মধ্যরাতে গুলশান থানায় দায়ের করা মামলায় নিহত পাঁচ জঙ্গিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার পরিদর্শক মো.সালাউদ্দিন মিয়া বলেন, সোমবার মধ্যরাতে পাঁচ জনের নাম উল্লেখ করে অনেকের বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছে।
গুলশানে বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যার পর কমান্ডো অভিযানে নিহত যে পাঁচ জঙ্গির নাম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের আসামি করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানে ছয় হামলাকারী নিহত এবং একজন জীবিত অবস্থায় ধরা পড়েন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, নিহতদের মধ্যে পাঁচ জঙ্গিকে তারা খুঁজছিলেন।
গত শনিবার রাতেই পুলিশ পাঁচ জনের মরদেহের ছবি দেয়ার পাশাপাশি পাঁচ হামলাকারীর নামও জানায়। নামগুলো হল- আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন।
এদিকে, এ হামলার দায় স্বীকার করে আইএসের নামে আসা বার্তায় হামলাকারী হিসেবে তাদের সদস্য পাঁচ জনের নাম বলা হয়-হচ্ছে-আবু উমায়ের, আবু সালমা, আবু রাহিক, আবু মুসলিম ও আবু মুহারিব। অবশেষে দেশেই তাদের নামের সন্ধান মিলেছে।
প্রসঙ্গত: গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।