কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের পাশে হামলার ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্ক আর উদ্বেগের মধ্যে আছেন স্থানীয়রা। ঘটনাস্থলের পাশে স্কুলে আইনশৃঙ্খলাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে চলছে তল্লাশি।
এ ঘটনায় ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ: দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। আর তাই ঈদের কয়েকদিন এ এলাকায় একটু বেশিই আনন্দঘন পরিবেশ বিরাজ করে। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্য আর নেই। ঈদের জামাতের আগে সন্ত্রাসীদের বোমা হামলার ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না।
বৃহস্পতিবার ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশে টহল দিচ্ছে পুলিশ ও র্যা ব। বসানো হয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর অস্থায়ী ক্যাম্প। এ পর্যন্ত কিশোরগঞ্জ থেকে আট জনকে আটক করেছে পুলিশ। আর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেলের চাচাতো ভাই এনামুল হককে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে আটক করেছে র্যা ব-১৩।
এদিকে এ ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের জানাজা বৃহস্পতিবার রাতে জেলার পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে নিহত পুলিশ সদস্য আনসার উল্লাহকে গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা ও জহিরুল হককে নেত্রকোণার মদনে দাফন করা হয়।
বৃহস্পতিবার ঈদের জামাতের ঘণ্টাখানেক আগে ঈদগাহর এক কিলোমিটারের মধ্যে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলি ও বোমায় দুই পুলিশ সদস্য নিহত হন। আর পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় এক হামলাকারী ও ঝর্ণারানী ভৌমিক নামে এক নারী নিহত হন।