ঈদের দ্বিতীয় দিনেও-শুক্রবার রাজধানীর গুলশানের জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তারা।
শ্রদ্ধা জানাতে এসে তারা বলেন, দলমত নির্বিশেষে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
সকাল থেকে গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন সাধারণ মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা।
বাংলাদেশে যারা জঙ্গি সন্ত্রাস চালাচ্ছে তাদের রুখতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এদিকে, গত ১ জুলাই হলি আর্টিজান রোস্তরাঁয় জঙ্গি হামলার পর থেকেই গুলশান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত: গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন পুলিশ সদস্য।