কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার অন্যতম আসামি জাহিদুল হক তামিমকে ১০ দিন রিমান্ডে নিয়ে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সকালে মামলার তদন্ত কর্মকর্তা মো. মুরশেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও জিজ্ঞাসাবাদ সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানাননি এ তদন্ত কর্মকর্তা।
রোববার রাতে কিশোরগঞ্জে এক নম্বর আমলি আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুল সালাম খান, জাহিদুলের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, এ ঘটনার ৫ দিন পরও কোনো স্বজন না আসায় নিহত হামলাকারী আবির রহমানের মরদেহ মঙ্গলবার সন্ধ্যায় দাফন করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
প্রসঙ্গত, ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে টহলরত পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশসহ ৪ জন নিহত হন। আহত হন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন।
হামলাকারীদের মধ্যে একজন গুলিতে নিহত হন। তার নাম আবির রহমান। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হামলাকারী সন্দেহে শফিউল ইসলাম নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই এলাকা থেকে সন্দেহভাজন জাহিদুল হককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, হামলাকারীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।