কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যসমূহ যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান।
এদিকে, নজিরবিহীন এ হামলার মদতদাতাদের আটক করার কথা জানিয়ে নেপথ্যের গডফাদারদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় শফিউল ইসলাম ও জাহিদুল হককে আটক করেছে পুলিশ ও র্যা ব।
শফিউল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আব্দুল হাইয়ের ছেলে। আর জাহিদুল হক কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। হামলার এক সপ্তাহ আগে জঙ্গিরা শহরের নীলগঞ্জ সড়কের একটি বাসা ভাড়া নিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।
তল্লাশির পর ওই বাসাটি এখন তালাবদ্ধ করে রেখেছে পুলিশ। কিন্তু এত বড় হামলার নেপথ্যে মদতদাতা কারা, তা এখনো জানা যায়নি। জড়িত সেইসব গডফাদারদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান, জেএমবির এই জঙ্গি হামলার তদন্ত চলছে— আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
ঢাকার গুলশান হামলার এক সপ্তাহের মধ্যে ঈদের দিন শোলাকিয়ায় ঈদগাহের কাছে টহল পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে হামলা করে জঙ্গিগোষ্ঠী। এতে দুই পুলিশসহ চার জন নিহত হন। আহত হন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন। হামলাকারীদের মধ্যে গুলিতে নিহত হয় এক হামলাকারী।
পুলিশ জানিয়েছে, তার নাম আবির রহমান। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হামলাকারী সন্দেহে গ্রেপ্তার করা হয় শফিউল ইসলাম ও জাহিদুল হককে।