কক্সবাজারের উমা তারাং বৌদ্ধ বিহারের ভিক্ষু উপেন দিতা হত্যার ঘটনায় বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ভিক্ষু মংয়াইন রাখাইনকে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার বিকালে ভিক্ষু উপেন দিতা হত্যার ঘটনায় উমা তারাং বৌদ্ধ বিহার কমিটির সভাপতি মং সা চিং বাদি হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষু মংয়াইন রাখাইনকে আসামি করা হয়েছে।
এদিকে, গোপন সূত্রে অভিযুক্ত ভিক্ষুর অবস্থানের খবর জানতে পেরে, ওই রাতেই বান্দরবানের লামার রুপসী পাড়ায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে অভিযুক্তকে আটক করে কক্সবাজার সদর থানায় নিয়ে যাওয়া হয়।
গতকাল সকালে মন্দিরের কর্তৃত্ব নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারে এই বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে আহত করেছে আরেক ভিক্ষু।
জমিজমা ও মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে উমা তারাং বৌদ্ধ বিহারের ভিক্ষু উপেন দিতার সঙ্গে অপর ভিক্ষু মংয়াইন রাখাইনের বিরোধ চলছিলো।