গুলশানে হামলাকারী নিবরাস ছাড়াও ঝিনাইদহের জঙ্গি আস্তানাটিতে শোলাকিয়ার হামলাকারী আবির রহমানও থাকতো। স্থানীয়রা বলছেন, নিবরাসের খালাতো ভাই হিসেবে পরিচিত ছিলেন আবির, ওরফে শাওন।
তবে ওই মেসের বাসিন্দা বাকি ছয়জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এরাই ঝিনাইদহে দুই পুরোহিতসহ পাঁচটি খুনের হোতা বলে পুলিশ মনে করছে।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলার সময় নিহত জঙ্গি আবির গত কয়েক মাস ধরেই পরিবারের কাছে নিখোঁজ ছিলেন। এই সময়ের মধ্যে আবিরকে ঝিনাইদহের একটি মেসে দেখা গেছে।
গুলশানের হলি আর্টিজান রেঁস্তোরায় হামলাকারি নিবরাসের সঙ্গে ওই মেসে বেশ কয়েকদিন ছিলেন আবির রহমান। দুই জনই ঢাকার ধনী পরিবারের সন্তান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
স্থানীয়দের কাছে সাঈদ ছদ্মনামে পরিচিত নিবরাসের সঙ্গে ঘুরতে দেখা গেছে আবিরকে। মানুষের সঙ্গে খুব একটা মিশতেন না। আবির নিবরাসের খালাতো খালাতো ভাই শাওন ছদ্মনামে পরিচিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিবরাসের ওই আস্তানাটি অন্তত ৮ জন জঙ্গি ব্যবহার করতেন। আর তারাই ঝিনাইদহে দুই পুরহিত, এক খ্রিস্টান চিকিৎসক, শিয়া সম্প্রদায়ের এক নেতা ও আওয়ামী লীগের আরো এক নেতাকে জঙ্গি হামলায় খুন করে বলে পুলিশ মনে করছে।
এরপর গত ১ জুলাই ঢাকার গুলাশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে নিবরাসসহ পাঁচ জঙ্গি।
আর ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা চালায় আবির রহমানসহ কয়েকজন জঙ্গি।
এ পৃথক দুই হামলার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটনাস্থলেই মারা যান নিবরাস ও আবির। ঝিনাইদহের জঙ্গি আস্তানার বাকীদের খুঁজছে পুলিশ। ওই মেসের আশ্রয়দাতা মসজিদের ইমাম রোকনুজ্জামানসহ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।