জঙ্গী বিরোধী অভিযানে রাজধানীর খিলগাঁও থেকে থানা শিবির সভাপতি মোতাহের হোসেনসহ জামাত-শিবিরের ১৯ জনকে আটক করেছে পুলিশ। আর আটককৃত এসব ভাড়াটের তথ্য গোপন করার অভিযোগে বাড়ির মালিক রিয়াজুল করিমকেও আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে খিলগাঁরয়ের একটি ছয় তালার ভবনের ফ্ল্যাটে স্থানীয় থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানিয়েছে, শিবিরের নেতাকর্মীদের কাছ থেকে উদ্ধার করা হয় জিহাদী বই, ৭টি ককটেল ও ৪টি চাপাতি। আটককৃতরা বছর খানেক ধরে খিলগাঁয় থাকতেন। তারা নাশকতার উদ্দেশ্যে ককটেল ও চাপাতি সংগ্রহ করেছিলো কি-না? তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় একইসঙ্গে আটক করা হয়েছে বাড়ির মালিককে। ভাড়াটেদের তথ্য গোপন করায় তাকে আটক করে পুলিশ। বাড়ির কেয়ারটেকার জানান, রাতের সাড়ে তিনটার দিকে পুলিশ ওই বাড়ির ৬ তলা থেকে ৮-১০ জনকে আটক করে নিয়ে যায়। তবে, ওই বাড়ি থেকে কোনো ককটেল ও চাপাতি উদ্ধার করতে দেখেননি তিনি।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।